বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দিয়েছে ধর্ষণের অভিযোগ আনা সেই ছাত্রী। ফেসবুক লাইভে এসে ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ২৯ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১)/ক, ২৯ (১) ও ৩১ (২) ধারায় মামলাটি করেছেন ঐ ছাত্রী। মামলায় ঐ ছাত্রী অভিযোগ করেছেন, আসামি নুরুল একজন আইন অমান্যকারী, বাক্পটু ও ধূর্ত ব্যক্তি। তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনগড়া, আইনবহির্ভূত, সরকার-রাষ্ট্রবিরোধী অসত্য, অর্থহীন ও উসকানিমূলক বক্তব্য কোনো কারণ ছাড়াই নিজেকে ভাইরাল করার জন্য প্রকাশ করে থাকেন। ১২ অক্টোবর বেলা আড়াইটায় তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি তাকে (ছাত্রী) দুশ্চরিত্রা বলেন, যা একটি মেয়ের জন্য অপমানজনক শব্দ। এ ধরনের উসকানিমূলক বক্তব্য সমাজে ঘৃণা-শত্রুতা-অস্থিরতা-বিশৃঙ্খলা সৃষ্টি করে। আইনশৃঙ্খলার অবনতি ঘটায়। তার (ছাত্রী) সুনাম ক্ষুণ্ন ও মানহানি করে। ডিজিটাল নিরাপত্তা আইনে এগুলো শাস্তিযোগ্য অপরাধ। এই মামলায় পরোয়ানা জারি করে নুরুলকে গ্রেফতার করে ন্যায়বিচার করতে ঐ ছাত্রী আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
