ভাঙ্গুড়ায় নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলা, বৃদ্ধ নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২৩:০০

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার ভাঙ্গুড়ায় এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম তোরাপ আলী (৭৫)। দুই নারীসহ আহত হয়েছেন আরো ১৪ জন। পুলিশ বখাটে মফিদুল ইসলামসহ চার জনকে আটক করেছে। বুধবার উপজেলার খানমরিচ ইউনিয়নের ডাসবেলাই গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, ঐ গ্রামের গফুর আলীর পরিবারের এক নারীকে একই গ্রামের মৃত আছান আলীর ছেলে মফেদুল ইসলাম (৩৮) কয়েক দিন আগে কুপ্রস্তাব দেয়। এতে গফুর আলী গ্রামের প্রধান আবুজল প্রামানিক ও বেল্লাল হাজির কাছে ৫ হাজার টাকা জমা দিয়ে বিচার প্রার্থনা করেন। কিন্তু অভিযোগ উঠেছে, গ্রামপ্রধানরা অভিযুক্ত মফেদুল ইসলামের নিকট থেকে বড় অঙ্কের ঘুষ নিয়ে বুধবার সকালে উলটো গফুর আলীর বাড়িতে গিয়ে তাকে শাসাতে থাকেন। ফলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী মফেদুল ধারালো ছুরি ও লাটিসোঁটা নিয়ে গফুর আলীর বাড়ির পেছনে অপেক্ষা করছিল। বেল্লাল হাজি ও আবুজল তাদের ডাকা মাত্রই ২০/২৫ জন ঝাঁপিয়ে পড়ে গফুর ও তার স্বজনদের ওপর। হামলাকারীরা তোরাপ আলী ও ফজলুল হককে কুপিয়ে জখম করে এবং একই পরিবারের গফুর আলীসহ অপর ১৩ জনকে পিটিয়ে আহত করে। গতকাল দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তোরাপ আলী ও ফজলুল হককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভাঙ্গুড়া থানার ওসি  মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, বুধবার বিকালে থানায় মামলা হয়েছে। পরে বখাটে মফেদুল, শহিদুল, আনিছুর রহমান (৩৫) ও রুহুল আমিনকে (৫০) গ্রেফতার করা হয়েছে।