বরিশালে ৬০ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের টার্গেট

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২৩:৫৮

ইলিশের প্রজনন বৃদ্ধিতে মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ শিকার প্রতিরোধে যৌথভাবে মহড়া দেয় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ বাহিনী ও নৌ পুলিশ। টানা ২২ দিন শুধু ইলিশ আহরণই নয়, ক্রয়, বিক্রয়, মজুদ ও সরবরাহও বন্ধ করা হয়েছে। 

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো: আবু সাইদ জানান, গত বছর বরিশালে ৫২ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে। এবছর সঠিকভাবে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করা গেলে ৬০ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হচ্ছে। 

আরো পড়ুনঃ সাভারে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেফতার ২

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, মা ইলিশ রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলেদের বাইরে অতি উৎসাহী কেউ ইলিশ শিকারে নদীতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া দুই-এক দিনের মধ্যেই সরকারি সহায়তা কার্ডধারী জেলেদের কাছে পৌঁছে দেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার (বিএনএস তিস্তা) আবদুল কাইয়ুম, কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার হাসানাত আরেফিন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান, বরিশাল নৌ থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রমুখ।

ইত্তেফাক/এমএএম