তিন মাসের মধ্যে সব ধর্ষণের বিচার করতে হবে : মান্না

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১১

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করার পর এ ধরনের মামলার বিচার সঠিকভাবে হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, সব বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে। ২ লাখ ধর্ষণের মামলার বিচার করা হয়নি। ঐগুলোর বিচার কত দিনের মধ্যে করবেন, ঘোষণা করেন। আগামী তিন মাসের মধ্যে সব ধর্ষণের বিচার শেষ করতে হবে।

নিত্যপণ্যের উচ্চমূল্যের কথা তুলে ধরে মান্না বলেন, আলুভর্তা খাওয়া এখন খুব কঠিন। জনগণের কল্যাণ করার মতো কোনো কাজ সরকার এখন পর্যন্ত করতে পারেনি। সরকার জিনিসের দাম কমাতে পারে না, মানুষকে স্বস্তি দিতে পারে না। এখন পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেনি, অথচ ক্ষমতা আঁকড়ে রয়েছে।