স্বাস্থ্যমন্ত্রীর সাবেক পিএসকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১১

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিব ওয়াহেদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের জিজ্ঞাসাবাদে ওয়াহেদুর রহমান দাবি করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির সিন্ডিকেটের বিষয় তার কোনো ধরনের জানাশোনা নেই। তবে জিজ্ঞাসাবাদ শেষে তিনি দুদক থেকে বের হয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের এড়িয়ে যান।  উল্লেখ্য, ওয়াহেদুর রহমান বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন।

দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ওয়াহেদুর রহমান তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেন। তিনি অনুসন্ধান কর্মকর্তাকে বলেন, আয়কর নথির বাইরে তার ও পরিবারের কোনো সম্পদ নেই। তিনি পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র। স্বাস্থ্যের সিন্ডিকেটের বিষয়টি তার জানা নেই।