ইন্দো-প্যাসিফিক দূত নিয়োগ দিয়েছে ফ্রান্স

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১১

প্রথমবারের মতো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য দূত নিয়োগ দিয়েছে ফ্রান্স। ভারতের হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান আগ্রাসি মনোভাবের পরিপ্রেক্ষিতে ভারত মহাসাগরে আরো বেশি মনোযোগ দিতে দূত নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক ক্রিস্টোফি পেনত ১৫ অক্টোবর থেকে দূত হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় ফ্রান্সের রাষ্ট্রদূত ছিলেন।

খবরে বলা হয়েছে, ২০১৮ সালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দো-প্যাসিফিক যৌথ লক্ষ্য নির্ধারণ করেন। সেই লক্ষ্য বাস্তবায়নে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে নজর দেবেন নতুন দূত। এই অঞ্চলে ফ্রান্সের ৮ হাজার সেনা মোতায়েন রয়েছে।