আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

‘নারীর প্রতি সহিংসতার বিচার দ্রুত আইনে নিষ্পত্তি করতে হবে’

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১৩

গ্রামীণ নারীরা অবহেলিত। তাদের অবদান স্বীকৃত নয়। তাই গ্রামীণ নারীরা বৈষম্য ও নির্যাতনের শিকার। কোভিডকালীন নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে গ্রামীণ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে আজ ১৫ অক্টোবর পালিত হচ্ছে আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস। দিবস উদ্যাপন কমিটির পক্ষ থেকে জানা যায়, দেশের ৫০টির বেশি জেলায় উদ্যাপন করা হচ্ছে দিবসটি। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘কোভিটকালীন নারীর প্রতি সহিংসতা ও আমাদের করণীয়।’ প্রতি বছরের মতো এবারও দেশে বিভিন্ন আয়োজন এবং গ্রামীণ নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। গতকাল বুধবার রাজধানীতে এক ভার্চুয়াল  সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে বক্তারা বলেন, নারীর প্রাপ্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে হবে। এই কোভিড সময়ে কর্মহারা নারীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া যে কোনো সহিংস ঘটনা দ্রুত বিচার আইনে নিষ্পত্তি করতে হবে।

মূল বক্তব্যে কোস্ট ট্রাস্টের সালমা সাবিহা বলেন, যে কোনো সহিংসতা থেকে রক্ষা পেতে ও সেবা পেতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হট লাইনে (১০৯২১) সব নারী যেন কল দিয়ে সেবা চায়, সে তথ্য তাদের জানাতে হবে। ন্যাশনাল ইমারজেন্সি নম্বর ৯৯৯ ও নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধের নম্বর ১০৯-তে জানাতে হবে। নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি তৈরি করতে হবে। দিবসটি উদ্যাপন কমিটির সমন্বয়কারী মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনএনআরসির প্রতিভা ব্যানার্জি, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ।