২০ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৩৩২ টাকা করে বেড়েছে। এতে ২২ ক্যারেটের ভরিপ্রতি সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ৭৬ হাজার ৩৪০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি শুরু হবে অলংকার তৈরির এ ধাতু। গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৩৪০ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার দাম ভরিপ্রতি ৭৪ হাজার ৮ টাকা ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ১৯০ টাকা। গতকাল পর্যন্ত বিক্রি হয় ৭০ হাজার ৮৫৮ টাকা করে।
একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৪২ টাকায়। গতকাল বুধবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৬২ হাজার ১১০ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ১২০ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৫১ হাজার ৭৮৮ টাকা। হলমার্ককৃত ২২ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ১ হাজার ৫১৬ টাকা। এছাড়া ২১ ক্যাডমিয়ামের রুপা ১ হাজার ৪৩৪ টাকা এবং ১৮ ক্যাডমিয়ামের রুপা ১ হাজার ২২৫ টাকা করে বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির বাজারদর ৯৩৩ টাকা।
