আওয়ামী লীগ সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশে এখন চলছে সরকারি প্রতিহিংসার জোয়ার। এই প্রতিহিংসার ছোবলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রতিনিয়তই দংশিত হচ্ছে। বর্তমানে রাষ্ট্রের সব অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবছে। জনগণের ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে; কিন্তু তাতে সরকারের শেষরক্ষা হবে না। বিএনপি মহাসচিব বলেন, সরকারের সব অপকর্মের জবাব দিতেই জনগণ পথে পথে ব্যারিকেড তৈরি করবে। বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই মাগুরা জেলা বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করার জন্য সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে গায়েবি মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।
