পাঠ্যপুস্তকে ‘হ-তে হাত ধোয়া’ অন্তর্ভুক্তির পরামর্শ

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১৫

করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এবং দীর্ঘ মেয়াদে অত্যাবশ্যকীয় সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস জোরদার করতে পাঠ্যক্রমে ‘হ-তে হাত ধোয়া’ বা ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং’ অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছে উন্নয়ন সহযোগীরা। গতকাল বুধবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে, ‘হ-হাত ধোয়া, সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ’ শীর্ষক এক ওয়েবিনারে গুরুত্বপূর্ণ এ পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যদের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে, ইউনিসেফ বাংলাদেশের ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াস) বিভাগের প্রধান ডারা জনস্টন, সেভ দ্যা চিলড্রেনের ডিরেক্টর অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি রিফাত বিন সাত্তার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলা মারফি, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এ ওয়েবিনারে উপস্থিত ছিলেন।     

ওয়েবিনারে শিক্ষামন্ত্রী বলেন, ছোটবেলায় শিশুরা যা শেখে তা জীবনব্যাপী কাজে দেয়। তাই শরীরের রোগব্যাধি মোকাবিলায় শৈশব থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাটা জরুরি। আরো বক্তব্য দেন কেদার লেলে, আসিফ সালেহ প্রমুখ।