মূল্যায়ন পদ্ধতিটি যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সেদিকে মনোযোগ দেওয়া হচ্ছে —শিক্ষামন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ-৫ নিয়ে উন্মাদনা শিক্ষার্থী ও তার পরিবারের ওপরে যে সামাজিক-পারিবারিক চাপ তৈরি করে সেটি শারীরিক-মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্যের জন্যও সুখকর নয়। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিটি যেন এই ধরনের অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সে জন্য মনোযোগ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান এবং ২০২০-২০২১ বছরের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় সমস্যার হলো একটি অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা। পরীক্ষা মানেই একটা অতিরিক্ত মানসিক চাপ, একটা বোঝা। সেটি শুধু শিক্ষার্থীর জন্য নয়, তাদের অভিভাবকদের জন্য, সবার জন্য, পুরো সিস্টেমের জন্য। তার সঙ্গে একটা সনদ সর্বস্ব ব্যাপার আছে—একটা সার্টিফিকেট পেতে হবে। কিন্তু সেই সার্টিফিকেটের সঙ্গে, একটা কাগজের সঙ্গে আর কী পাচ্ছি ? কী দক্ষতা যোগ্যতা পাচ্ছি কি না?

শিক্ষাটা কেমন যেন একটা নিরানন্দ ব্যাপার হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মনে হয় শিক্ষা মানেই একটা খুব কঠিন ব্যাপার। সারাদিন শিক্ষার্থী পড়ছে, তারপরে গৃহশিক্ষক, কোচিং সেন্টার, পরীক্ষার চাপ। তাহলে খেলাধুলা করবার, সংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবার, পারিবারিক পরিসরে আনন্দময় পরিবেশ কোথায়? আমার কিন্তু সবগুলোই লাগবে এক জন ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে।’

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের জ্ঞানার্জনের উত্স শুধুমাত্র যেন বই না হয়, বই আমাদের শুধু সহযোগিতা করবে। বিজ্ঞান শিক্ষায় টুল কিটস আনতে পারি কি না, সে দিকে আমরা মনোযোগী হব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, প্রথম আলোর সহকারী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কালের কণ্ঠের শরিফুল আলম সুমন, ডেইলি সানের সোলায়মান সালমান এবং বণিক বার্তার সাইফ সুজনকে ইরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইরাব সভাপতি সাব্বির নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিদায়ী সভাপতি মুসতাক আহমেদ ও সাধারণ সম্পাদক নিজামুল হক বক্তব্য রাখেন।