সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার গুয়াংডং প্রদেশের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। শি জিনপিং এমন সময় এমন বক্তব্য দিলেন যখন ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ান ইস্যুতে ব্যাপক দ্বন্দ্ব চলছে। খবর সিএনএনের
গুয়াংডং প্রদেশের চাউঝৌ শহরের চীনা পিপলস লিবারেশন আর্মি মেরিন করপসের ঘাঁটি পরিদর্শনকালে শি জিনপিং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, সবাইকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে, অনুগত, খাঁটি এবং বিশ্বস্ত হতে হবে।
মূলত বুধবার শেনঝেনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগে শির সামরিক ঘাঁটি পরিদর্শন বিশেষ তাৎপর্য বহন করে বলে ধারণা করা হচ্ছে।
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ঘোষণা এবং করোনা ভাইরাস ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বন্দ্ব বাড়ছে। তাইওয়ানের কাছে তিনটি অত্যাধুনিক অস্ত্র বিক্রি করার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। কংগ্রেসকে এ বিষয়ে অনুমোদন দিতে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউজ। চীন অস্ত্র বিক্রির চেষ্টার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।
