নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর ওই কিশোরীকে বাড়ির পাশে একটি গর্তে ফেলে দিয়ে যায় দৃর্বৃত্ত। পুলিশের ধারণা ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম তানজিনা আক্তার (১৪)। সে রামচন্দ্রদী এলাকার মাটি কাটার শ্রমিক আফতাব উদ্দিন ওরফে আকতার হোসেনের মেয়ে ও স্থানীয় কওমী মাদ্রাসার ছাত্রী।
নিহতের বাবা আকতার হোসেন জানান, বৃহস্পতিবার ফজর নামাজ পড়তে আমরা সবাই ঘুম থেকে উঠি। একই সময় তানজিনা আক্তারও নামাজ পড়তে উঠে। নামাজের পর মেয়েকে খুঁজে না পেয়ে আশেপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে তাদের বাড়ির পাশে একটি গর্তে তানজিনার লাশ দেখা যায়।
আড়াইহাজার থানার গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা যাচ্ছে, ধর্ষণের পর এ হত্যাকা- ঘটেছে। হত্যাকারী ধরতে অভিযান চলছে।
ইত্তেফাক/এসি
