শ্রীপুরের দ্বারিয়াপুুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনের ধানখেত থেকে বুধবার রাতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনিরুল উপজেলার চৌগাছি গ্রামের মৃত ইছাহাক আলী মীরের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ তিন যুবককে আটক করেছে। আটককৃতরা হলো চৌগাছি গ্রামের প্রণব প্রামাণিক, বাবু মীর এবং রাহুল।
শ্রীপুর থানার ওসি মো. আলী আহমেদ মাসুদ বলেন, মনিরুল মীর সুদে ব্যবসা করত। প্রণব ছয় মাস আগে তার কাছ থেকে মাত্র ৫০০ টাকা ধার নিয়েছিল। ছয় মাস পরে এসে মনিরুল সুদসহ মোট ৫ হাজার টাকা দাবি করলে তা নিয়ে দুই জনের মধ্যে ঝামেলা হয়। এর জেরে প্রণব তার দুই বন্ধুকে নিয়ে মনিরুলকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও বুকে, পেঠে ছুরিকাঘাত করে এবং গলাকেটে হত্যা করে। আটককৃত তিন জনই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে মনিরুলের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
