ঈশ্বরগঞ্জ উপজেলার ৪ নম্বর আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আঠারবাড়ী এমসি উচ্চবিদ্যালয়ে এর আয়োজন করা হয়।
আঠারবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেনের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন—জুবের আলম কবীর রুপক (নৌকা), আমিনুল ইসলাম খান মনি (ধানের শীষ), মিজানুর রহমান মিজান (আনারস), জসিম উদ্দিন (চশমা) ও আবুল কালাম (মোটরসাইকেল)। প্রার্থীরা এ সময় হাতে হাত রেখে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে এবং নির্বাচনি আচরণবিধি মেনে নির্বাচন করার শপথ নেন। সুজনের ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।
