উয়েফা নেশন্স লিগে জমজমাট এক রাত কাটল ইউরোপে। ইতালি মাটিতে স্বাগতিকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডসের সঙ্গে। এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রইল চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি।
চার ম্যাচে এই নিয়ে তিনটি ড্র করল ইতালি। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। পাঁচ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস। নিজেদের মাটিতে পোল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। সবার শেষে থাকা বসনিয়ার পয়েন্ট দুই।
চমকে দিয়েছে ডেনমার্ক। ১০ জনের ইংল্যান্ড দলকে হারিয়ে দিয়েছে অ্যাওয়ে ম্যাচে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ১-০ গোলে জেতে ডেনিশরা। এই রাতে একই গ্রুপের অপর খেলায় আইসল্যান্ডের মাটি থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে বেলজিয়াম।
চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে বেলজিয়াম। দুই জয় এবং একটি করে ড্র ও হারে ডেনমার্ক আর ইংল্যান্ডের সমান সাত পয়েন্ট। ডেনিশরা আছে দুই নম্বরে। আইসল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকার পরও সুইডেনকে বড় ব্যবধানে হারাতে বেগ পেতে হয়নি পর্তুগালকে। তিন নম্বর গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।
চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ করে পয়েন্ট পর্তুগাল ও ফ্রান্সের। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পর্তুগাল। টানা চার হারের স্বাদ পাওয়া সুইডেন আছে গ্রুপের তলানিতে। তাদের বিপক্ষে একমাত্র জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া।
