রেকর্ড জানতেন না নোর্টজে!

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩৮

ক্রিস ওকসের বদলে এবারের আইপিএলে দল পেয়েছেন এনরিক নোর্টজে। এই সুযোগটা কাজে লাগিয়ে রীতিমতো ঝড় তুলছেন দিল্লি ক্যাপিটালসের এই ফাস্ট বোলার। বুধবার এবার আইপিএলের রেকর্ড ১৫৬.২ কিলোমিটার গতিতে বল করেছেন। তবে ম্যাচ শেষে বলেছেন, তিনি এই রেকর্ডটা জানতেন না।  নোর্টজে একাধিক ডেলিভারি করেছেন এদিন ১৫০ কিলোমিটারের ওপরে। ম্যাচ শেষে বলছিলেন, ‘জানতাম না যে আজকে ১৫৬ কিলোমিটার গতিতে বল করেছি। জেনে ভালো লাগছে। সত্যি বলতে, খুব ভালো অনুভব করছিলাম। ফল পেয়ে তাই দারুণ লাগছে। জস বাটলার দারুণ খেলছিল। আমি হয়তো একটু বেশিই ফুল লেংথে করছিলাম। আমার মনে হচ্ছিল, নিজের শক্তির জায়গায়, স্টাম্প সোজা যত জোরে সম্ভব বল করে যাওয়াই উচিত।’