বিএনপির রাজনৈতিক সব কৌশল ভোঁতা হয়ে গেছে :কাদের

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:২৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনৈতিক সব কৌশল ভোতা হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বহুমুখী সুবিধা সম্পন্ন বিশ্রামাগার নির্মাণের সূচনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

সরকারের মদতে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কমিটি গঠনের পর তাদের অফিসে আগুন দিয়েছে কে? নিজেরা মারামারি করে নিজেদের হাত ভাঙছে, মনোনয়ন নিয়ে চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম,—এসব তো তাদের নিজেদের সৃষ্ট।

সরকার যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজ দলের কেউ অপরাধ করলে শাস্তি প্রদানের সাহস একমাত্র শেখ হাসিনাই রাখেন। সন্ত্রাস, সাম্প্রদায়িক উগ্রতা, অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান ইতিমধ্যে জাতির কাছে স্পষ্ট। শেখ হাসিনা অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে, দলীয় পরিচয়ও তার কাছে ঢাল হতে পারেনি বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা উপনির্বাচনে আগে থেকেই ভরাডুবির আশঙ্কা করছেন, জনগণের কাছে তারা কী বলে ভোট চাইবে? তাদের ঝোলায় ইতিবাচক কিছু নেই, তাই বিএনপি বরাবরের মতো মিথ্যা অভিযোগের তির ছুড়তে শুরু করছে। ভোটের আগে অভিযোগ, ভোটের দিন সরে দাঁড়ানো এবং পরে নির্বাচন কমিশনকে ব্যর্থ বলা বিএনপির পুরোনো কৌশল।