জনগণের সম্মান পেতে হলে বিচারকদের একনিষ্ঠভাবে কাজ করতে হবে ----------------আইনমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:৩৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের উন্নয়ন হলে বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় হওয়ার পাশাপাশি রাষ্ট্রের চার মূলনীতি সুপ্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারবে। গণতন্ত্রের সঠিক চর্চা হবে। অবকাঠামো নির্মাণ করাই বিচার বিভাগের শেষ দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ন্যায়বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আসল সম্মান কিন্তু আমরা পাব না। তাই জনগণের কাছ থেকে আসল সম্মান পাওয়ার জন্য বিচার বিভাগের সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। পটুয়াখালীতে ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলাবিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শাহজাহান মিয়া,  আ স ম ফিরোজ, এস এম শাহজাদা ও মো. মহিববুর রহমান, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য কাজী কানিজ সুলতানা, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব বিকাশ কুমার সাহা।