গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের সময়ে দ্বিগুণ মূল্যে আসবাবপত্র কেনা ও ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার বিষয়ে দুদকে অভিযোগসহ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের সময়ে ক্রয়কৃত আসবাবপত্রের মধ্যে ৮০০টি স্টিলের চৌকি দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং উক্ত মালামাল দ্বিগুণ দামে ক্রয় করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের নিকট উপস্থাপনের অনুরোধ করা হয়েছে।
