মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাইডেনকে বিশ্ব জুড়ে তার নিজের ব্যবসার তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। বুধবার এক নির্বাচনি সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনকে দুর্নীতিগ্রস্ত এবং প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে দাবি করেন। খবর ডেইলি মেইলের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে আইওয়ার ডেস ময়েনসে নির্বাচনি প্রচারণা চালান ট্রাম্প। তিনি মূলত বাইডেনের ছেলে হান্টার বাইডেন এবং ভাই জেমসের ব্যবসা-বাণিজ্য নিয়ে প্রশ্ন তোলেন। বুধবার রাতে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পারিবারিক ব্যবসায়িক কাজে বাইডেনের ইমেইল, বৈঠক, ফোনালাপ, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য রেকর্ড প্রকাশ করা উচিত। বিশেষ করে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বিষয়েও তার জানানো উচিত। বুধবার হান্টার বাইডেনের কিছু ইমেইল প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। সেখানে দেখা গেছে, হান্টার বাইডেনকে ইউক্রেনের এক ধনকুবের মেইল করেছিলেন তার বাবা বাইডেনের সঙ্গে যোগাযোগের জন্য। এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের দাবি, হান্টার বাইডেনের ব্যবসায় সুবিধা দিয়েছেন বাইডেন। কিন্তু তিনি সেটি প্রকাশ করেন না। ২০১৪ সালে ইউক্রেনের জ্বালানি কোম্পানি বুরিসমা হান্টার বাইডেনকে ১ লাখ ৮৩ হাজার ডলার দিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের ছোট ভাই জেমসের (৭০) ব্যবসা-বাণিজ্য নিয়েও সমালোচনা করেন।
