ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো.শফিকুল ইসলাম ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মিছিল ও শোভাযাত্রা না করার বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রুখতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে। গতকাল ডিএমপি সদরদপ্তরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভায় তিনি এসব একথা বলেন। সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র্যাব, আনসারের প্রতিনিধিগণ এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি ও বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
