ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারবে না :তথ্যমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:৪১

ইউটিউব চ্যানেল ও আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইপি টিভিগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্ট (বিনোদন) চ্যানেল হিসেবে কাজ করবে। এই চ্যানেলের সব বিষয় নরমাল টেলিভিশন চ্যানেলের মতো করার কথা নয়। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি একথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ইউটিউব চ্যানেল বা আইপি টিভি নিবন্ধনের জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। সেটি হওয়ার পর আমরা নিবন্ধন দেওয়ার কাজ শুরু করব।

টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীদের ওয়েজবোর্ডের প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রচার আইনের আলোকে টেলিভিশন, রেডিও, এমনকি অনলাইনসহ এই সমস্ত মাধ্যমের সাংবাদিকদের বেতন-ভাতাদি আইনি কাঠামোর মধ্যে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের একটি গণমাধ্যম বয়কটের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে। সেই স্বাধীনতার কারণেই যে কেউ যে কোনো কথা বলছে। কে কোনো গণমাধ্যম দেখবে কি দেখবে না—সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটি কেউই নির্দিষ্ট কিংবা নির্ধারণ করে দিতে পারে না।