কোভিডে জেলে যেতে চান না মীর নাছির

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:৪৩

আগামী ১৩ নভেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-২-এ আত্মসমর্পণ করতে হবে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং তার ছেলে ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা তাদের দুটি আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

অবৈধ সম্পদের মামলায় ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগের নির্দেশে এই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিলের ওপর হাইকোর্টে পুনঃ শুনানি হয়। গত বছরের ১৯ নভেম্বর বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ মীর নাছিরকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছর সাজা বহাল রাখে। একই সঙ্গে বিশেষ আদালত মামলার রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদের সেখানে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ১৩ আগস্ট হাইকোর্টের রায়ের অনুলিপি বিশেষ আদালতে পৌঁছে।

এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ চেয়ে আপিল বিভাগে আবেদন দেন বিএনপির ঐ দুই নেতা। সেখানে বলা হয়, কোভিডের মধ্যে কারাগারে যাওয়া সম্ভব নয়। কারণ মীর নাছির বয়স্ক মানুষ। এতে তার জীবন সংশয়ে পড়তে পারে। এই আবেদনের বিরোধিতা করেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি বলেন, হাইকোর্ট রায়ে তিন মাসের মধ্যে আত্মসমর্পণের জন্য বলেছে। এখন আত্মসমর্পণ করেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। এর বাইরে আর কোনো সুযোগ নেই। মীর নাছিরের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রুহুল কুদ্দুস কাজল। শুনানি নিয়ে আপিল বিভাগ ঐ আবেদন দুটি খারিজ করে দেয়।