ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠক

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০০:৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা করোনা পরিস্থিতির মধ্যে ভর্তি পরীক্ষা নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন। কয়েক জন উপাচার্য এইচএসসি ও সমমানের পরীক্ষার আগে নেওয়া টেস্ট পরীক্ষার ফলাফলের ওপর মূল্যায়ন করে ভর্তি করার প্রস্তাব দিয়েছেন। কেউ আবার এইচএসসি-সমমানের ফলাফলের ওপর ভিত্তি কের ভর্তি করতে প্রস্তাব করেছেন। আগামী শনিবার উপাচার্য পরিষদের সভায় ভর্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে একমত হন ভিসিরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মীজানুর রহমান বলেন, কীভাবে ভর্তি পরীক্ষা নেওয়া যায় সে বিষয়ে সবার কাছে মতামত চাওয়া হয়েছে। তবে ভর্তি পরীক্ষার আয়োজন করতে প্রায় সবাই আপত্তি জানিয়েছেন। যেহেতু পরীক্ষা এইচএসসির ফল হবে, তাই এ ফলের ওপর ভর্তির ব্যাপারে মূল্যায়ন করলে প্রশ্ন উঠতে পারে। এইচএসসি পরীক্ষার আগে ফরম পূরণের সময় টেস্ট পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব জানান তিনি। তার এ প্রস্তাবে বেশ কয়েক জন উপাচার্য একমত হন। ভর্তি পরীক্ষা যেন কোনোক্রমেই প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যাপারে ইউজিসির পক্ষ থেকে উপাচার্যদের আহ্বান জানানো হয়। ভার্চুয়াল বৈঠকে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহেরসহ ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন|