হিম উৎসবে প্রকাশ হবে 'বাংলা ফাইভ'-এর প্রথম অ্যালবাম

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:১৫

নিজেদের প্রথম অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে নতুন ব্যান্ডদল ‘বাংলা ফাইভ’। চলতি মাসের ১৯ তারিখ জাহাঙ্গীরনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিম উৎসব’।

সেখানে প্রকাশিত হবে ‘কনফিউশন’ শিরোনামের অ্যালবামটি। যা পাওয়া যাবে সিডি আকারে এবং অনলাইনে। অনুষ্ঠান প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড তারকা মাকসুদুল হক (মাকসুদ ও ঢাকা)।

প্রথম একক এলবাম ‘লাস্টবেঞ্চ’  (২০১৬) প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়ে ব্যান্ড গড়েন ব্যান্ডের কর্ণধার সিনা হাসান। এরপর তার সঙ্গে যোগ দেন গিটারিস্ট অনিক, বেজিস্ট রাফিন ও ড্রামার মেহেদী। দেশে ও দেশের বাইরে পরিবেশনা করতে থাকেন একের পর এক পারফরমেন্স। তাদের গান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয় করে নেপাল ও কলকাতার শ্রোতাদের হৃদয়। গত এক বছরের পরিশ্রমে তারা গড়ে তুলেন বাংলা ফাইভের প্রথম এলবাম ‘কনফিউশন’। মোট চারটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো ‘বাবা মায়ের পকেট’, ‘মনে করো’ ও ‘সন্ধ্যা নামায়ে রাখি’। যা মানুষের ভেতরকার মানসিক দ্বন্দ্ব, মধ্যবিত্তের সংকট, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে রচিত।

গতানুগতিক অ্যালবাম রিলিজে অর্থাৎ কোন রকম স্পন্সর না নিয়ে বরং নিজেদের শ্রম ও সঞ্চয়কে পুঁজি করে নিজেদের প্লাটফর্মকে ভিত্তি করে তারা এই অ্যালবামটি প্রকাশ করবেন। সেদিক থেকে ‘কনফিউশন’অ্যালবামটি একটি স্বাধীন ব্যান্ড এলবামের উদাহরণ সৃষ্টি করবে বলে তারা মনে করেন। অডিও প্রকাশের পাশাপাশি তারা প্রকাশ করবেন ২টি মিউজিক ভিডিও ‘মনে করো’ও ‘কনফিউশন’। 

আরো পড়ুন: অপারেশন টেবিলে ঘুমিয়েও প্রশংসায় ভাসছেন চিকিৎসক

হিম উৎসবের তৃতীয় দিনে উক্ত অনুষ্ঠানে সকাল থেকে পরিবেশনায় থাকবে মোট ৩০ টি ব্যান্ডদল। তাদের মধ্যে ‘শহরতলী’, ‘সহজিয়া’, কফিল আহমেদ, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘অবান্তর’ উল্লেখযোগ্য। 

বাংলা ফাইভের কনফিউশন অ্যালবামের গানগুলো পাওয়া যাবে তাদের ইউটিউব চ্যানেল ‘সিনা হাসান এন্ড বাংলা ফাইভ’ এবং ফেসবুক চ্যানেল ‘বাংলা ফাইভ ব্যান্ড’ ও ওয়েবসাইট বাংলাফাইভ.কম এ। অ্যালবাম ছাড়াও তাদের বিভিন্ন স্মারক পণ্য ক্যাপ, টিশার্ট, স্টিকার ইত্যাদিও পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও কলকাতার ক্যাফে কবীরা ও নেপালের ঘারেলু আর্টস-এ তাদের অ্যালবাম ও স্মারক পাওয়া যাবে।

ইত্তেফাক/জেডএইচ