বেলাব দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা হাজি মো. শফিকুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তের দেওয়া আগুনে আসবাবপত্র ও জরুরি কাগজপত্রসহ তার বসতঘরটি পুড়ে যায়। উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিক শফিকুল ইসলাম জানান, আমার কোনো শত্রু নেই। কে বা কারা এই কাজ করেছে, তা বলতে পারব না।
বেলাব ফায়ার সার্ভিসের অফিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই বসতঘরটি পুড়ে যায়। বেলাব থানার অফিসার ইনচার্জ মো. শেফায়েত হোসেন পলাশ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আমরা তদন্ত করছি।
