টেকনাফে ৭১ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪১

টেকনাফে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় সৈয়দ আলম (২২) নামে একজনকে আটক করা হয়। সে উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক/সি-৮ এর শেড নং-৮৯৮-এর বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে। বিজিবি সূত্র জানায়, এদিন রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির একটি দল লম্বাবিল মত্স্য ঘেরে অভিযান চালায়। পরে মত্স্য ঘেরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। অপর দিকে রাত সোয়া ৮টার দিকে লেদা বিওপির নিয়মিত টহল দল লেদা খালের নাফনদীর বেড়িবাঁধসংলগ্ন লবণ মাঠ থেকে ৪১ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় আলমকে আটক করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।