২০০৫ সালের পর নিরাপত্তা শঙ্কায় আর কখনো পাকিস্তান সফর করেনি ইংল্যান্ড। এর মধ্যে ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর লাহোরে হামলা হলে তো দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটই বন্ধ হয়ে যায়। গত বছর দুই অবশ্য সেই দুয়ার একটু একটু করে খুলছে। অবশেষে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, তারা আগামী বছর পাকিস্তানে সফর করার ব্যাপারে ইতিবাচক।
আগামী বছরের শুরুতেই পাকিস্তানে যাওয়ার কথা ইংল্যান্ডের। ইসিবি বলেছে, তারা এই আমন্ত্রণ পেয়েছে এবং বিবেচনা করছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পর আমরা নিশ্চিত করতে পারি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২১ সালের শুরুর দিকে দেশটিতে সাদা বলের সংক্ষিপ্ত সিরিজ খেলার আমন্ত্রণ পেয়েছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তনের বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এক্ষেত্রে সহায়তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
