আজকাল এক দলের হয়ে পরপর দুই মৌসুম খেলাই নিয়মিত ঘটনা নয়। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলের শুরু থেকে খেলে যাচ্ছেন বিরাট কোহলি। সেই দলের হয়ে ২০০ ম্যাচ খেলে ফেলেছেন। আর এই অর্জনকে কোহলি বলছেন, অবিশ্বাস্য।
পাঞ্জাবের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়ার পর কোহলি জানালেন, তার হূদয়ের কতটা জুড়ে আছে বেঙ্গালুরুর, ‘আরসিবি আমার কাছে অনেক কিছু, এই আবেগ অনেকে বুঝতে পারে না। এই দলের হয়ে ২০০ ম্যাচ খেলা অবিশ্বাস্য, যা ২০০৮ সালে আমি নিজেও বিশ্বাস করতাম না। এটি সম্মানের। তারা আমাকে ধরে রেখেছে এবং আমি রয়ে গেছি।’
২০ ওভারের ক্রিকেটে ২০০ ম্যাচের খুব কাছে আছেন আরো কয়েক জন। সমারসেটের হয়ে ১৯৬ ম্যাচ খেলে কোহলির ঠিক পরেই আছেন ৩৬ বছর বয়সি ইংলিশ পেসার জেমস হিলড্রেথ। চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত ১৯২ ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। নটিংহ্যামশায়ারের জার্সি গায়ে সামিত প্যাটেল ১৯১ ও চেন্নাইয়ের হয়ে সুরেশ রায়না খেলেছেন ১৮৮ ম্যাচ।
