ময়মনসিংহের ‘রতন স্যার’ আর নেই

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৫১

ময়মনসিংহের স্বনামধন্য প্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর আহম্মদ চৌধুরী রতন (৭৯) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার রাতে  ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শুক্রবার জুমার নামাজের পর ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ফেনীর পারিবারিক গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

আমীর আহম্মদ চৌধুরী রতন ১৯৪১ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। বাবা মরহুম সুলতান আহম্মদ চৌধুরী, মা মরহুমা আজিজেরন্নেছা চৌধুরানী। তার বেড়ে ওঠা, পড়াশুনা ময়মনসিংহ শহরে। উদ্যমী আর প্রাণবন্ত মানুষ আমীর আহম্মদ চৌধুরী রতনকে ময়মনসিংহবাসী চেনে ‘রতন দা’ কিংবা ‘রতন স্যার’ নামেই। মানুষ গড়ার কারিগর, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে যিনি শহরের সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন। ১৯৮৪ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পান। তিনি ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে  অংশগ্রহণ করেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।