জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহকর্মী, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও মন্ত্রিপরিষদ সদস্য আবদুল মালেক উকিলের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও আবদুল মালেক উকিল প্রতিষ্ঠিত জেলা শহরের মাইজদী গার্লস একাডেমি হাইস্কুলে সকাল ১১টায়, বাদ জোহর সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এবং বাদ মাগরিব নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবে মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করে। এদিকে গতকাল শুক্রবার সকালে আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
