বরিশালে ইলিশ রক্ষায় অভিযান ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৫২

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার তৃতীয় দিনে গতকাল শুক্রবার বরিশালে দিনভর বিভিন্ন নদীতে অভিযান পরিচালিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনাকালে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ এক জেলেকে কারাদণ্ড প্রদান করে। অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনাকালে চরকাউয়া নামক স্থানে ইলিশ মাছ আহরণের সময় নৌ পুলিশের সহায়তায় ইয়াসিন মজুমদার নামে এক জেলেকে আটক করা হয় এবং সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ আহরণের জন্য তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে ২ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মত্স্য অফিসার (ইলিশ) বিমল চন্দ্র দাস এবং আইনশৃঙ্খলা রক্ষায় বরিশাল নৌ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।