দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ জন, আর নারী ২ জন। এ পর্যন্ত ৫ হাজার ৬২৩ জন মৃত্যুর মধ্যে পুরুষ ৪ হাজার ৩২৭ জন, আর নারী ১ হাজার ২৯৬ জন। শতকরা হিসাবে—পুরুষ ৭৬ দশমিক ৯৫ শতাংশ, নারী ২৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৫ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাস শনাক্তের ২২৩তম দিনে এই ভাইরাস থেকে সুস্থ মানুষের সংখ্যা হয়েছে ৩ লাখ ৭৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ৭৩ জন কম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ৩৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ২১ লাখ ৪০ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
