মৃত্যুর কারণ হতে পারে পারিবারিক কলহ ও ঋণ

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:৪১

রাণীশংকৈল উপজেলার শেয়ালডাঙ্গী গ্রামে গত বৃহস্পতিবার পুকুর থেকে দুই সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় নিহত গৃহবধূর বাড়ি থেকে তিন পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন বলছেন, গৃহবধূর হাতের লেখা চিরকুটে পারিবারিক কলহ ও ঋণের বিষয় উল্লেখ আছে। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সেটার ওপর ভিত্তি করে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।  ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হয়েই মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে । ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি দল।