যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় শুক্রবার রেলক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত ও আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনটি বিকাল সোয়া ৪টার দিকে নওয়াপাড়ার ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৩-০৩২৪) ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে ওঠার সময় ভাঙ্গাগেট এলাকার রেলক্রসিংয়ে ট্রেনের সামনে এসে পড়ে। কারটি চোখের পলকে দুমড়েমুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় প্রাইভেটকারে থাকা ছয় জনের মধ্যে চালকসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হন। পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর এক যাত্রী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। নিহতদের একজন অজ্ঞাত পুরুষ (৩৫) ও একজন নারী (৩০)। মর্মান্তিক এ ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেট কারের অপর তিন যাত্রী। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
