২০৩০ সালের মধ্যেই ঢাকা শহরে শতভাগ পয়ঃশোধনাগার -------------ওয়াসা এমডি

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:৪৬

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, ২০৩০ সালের মধ্যেই ঢাকা শহরে শতভাগ পয়োশোধনাগার তৈরি করা হবে। বিষয়টি বিবেচনায় নিয়ে মাস্টারপ্ল্যান প্রণয়ন হচ্ছে। এ প্ল্যান অনুযায়ী (বাস্তবায়নের সুপারিশ) ২০৩০ সাল ধরা হলেও ২০২৬-২৭ সালের মধ্যে শহরের শতভাগ পয়োসেবার আওতায় আনতে পাঁচটি শোধনাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসা  ভবনে আয়োজিত বিগত ১০ বছরের ঢাকা ওয়াসার অর্জন ও ভবিষ্যত্ পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ঢাকা ওয়াসার এমডি। তিনি আরো বলেন, গত ১০ বছরে ওয়াসার অনেক অর্জন আছে। সাফল্যের কারণেই ‘একটি গোষ্ঠী’ সমালোচনা করছে বলে তিনি দাবি করেন। মতবিনিময় সভায় জানানো হয়, ঢাকায় দৈনিক ২৫০ কোটি লিটার পানির চাহিদা থাকলেও ওয়াসা ২৬৫ কোটি লিটার পানি উত্পাদন করছে। ৮৬০টি গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে এবং পাঁচটি শোধনাগারের মাধ্যমে ৩৩ শতাংশ পানি সরবরাহ করা হচ্ছে। ঢাকা ওয়াসা ২০২৪ সালের মধ্যে ৭০ শতাংশ পানি ভূ-উপরিস্থ উত্স থেকে সংগ্রহ করবে। বর্তমানে ঢাকার ২০ শতাংশ পয়োবর্জ্য শোধন করতে পারে ওয়াসা। এ ক্ষেত্রে ২০৩০ সালের মধ্যে শতভাগ সক্ষমতা অর্জনের জন্য কাজ চলছে।