বর্তমান রোগের একমাত্র চিকিত্সা মধ্যবর্তী নির্বাচন —জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:৫১

গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মৃত্যুদণ্ড দিয়ে চলমান আন্দোলন থামবে না। এ রোগের একমাত্র চিকিত্সা মধ্যবর্তী নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের হাতে ক্ষমতা দেওয়াই একমাত্র পথ। জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে নারী-শিশুধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে মানববন্ধনে কবি আবদুল হাই শিকদার, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আইনজীবী রফিক শিকদার, ছাত্রী নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে অ্যান্টিজেন কিট আমদানি করে সরকার বেআইনি কাজ করছে।