নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিধবার পর এবার গণধর্ষণের শিকার হয়েছে মাদ্রাসাছাত্রী। এছাড়া বরিশালে প্রতিবন্ধী নারী ও কক্সবাজারের উখিয়ায় স্কুলছাত্রী ধর্ষিত হয়েছে। নরসিংদীতে কিশোরী গণধর্ষণে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে শিশু ধর্ষণের চেষ্টায় দুই বৃদ্ধ, গৌরীপুরে যুবতিকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক, কুড়িগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি এবং রংপুরের তারাগঞ্জে যুবতিকে উক্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতারণার শিকার হয়ে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ এবং ঝালকাঠির রাজাপুরে পুরোনো বিবাদের জেরে বিধবার শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে বিধবা নারীর পর এবার মাদ্রাসাছাত্রী এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। ভালোবাসার টানে ঐ ছাত্রী ঘর থেকে বের হয়েছিল প্রেমিকের সঙ্গে। পথিমধ্যে জোর করে ছিনিয়ে নিয়ে প্রেমিকের বড় ভাইসহ একবন্ধু মিলে কিশোরীকে গণধর্ষণ করে। বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক প্রেমিকসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মোতালিবের ছেলে নজরুল ইসলাম, তার বড় ভাই বাদল ও একই এলাকার মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মুছা। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উখিয়া (কক্সবাজার) : উখিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হাজিরপাড়া ব্র্যাক স্কুলে এ ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা গতকাল শুক্রবার উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, ঘটনার দিন ফলিয়াপাড়া গ্রামের স্থানীয় ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণির ঐ ছাত্রী তার পিতার ফার্নিচারের দোকানে ভাত দিয়ে বাড়ি ফেরার পথে ঘোনারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সলিম উল্লাহ ফুসলিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় তার আর্তচিত্কারে লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।
বরিশাল : নগরীর কাশিপুর ২৯ নম্বর ওয়ার্ড এলাকার প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ঐ নারীর বড় বোন বাদী হয়ে প্রতিবেশী সবুজ দাসকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, আসামিকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভিকটিম প্রতিবন্ধী ঐ নারী পুলিশ হেফাজতে আছেন।
মুকসুদপুর (গোপালগঞ্জ) : মুকসুদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ঐ শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই বৃদ্ধকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করে। আটককৃতরা হলো উপজেলার চন্ডিবরদী গ্রামের জাফর শেখ (৬২) ও খুলনা জেলার ডুমুরিয়া গ্রামের লুত্ফর শেখ (৬০)। লুত্ফর শেখ চন্ডিবরদী গ্রামের একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে সুইপারের কাজ করে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ শিশুকে লুত্ফর শেখ ও জাফর শেখ ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি দৌড়ে গিয়ে তার মাকে ঘটনাটি বলে দেয়।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর-কলতাপাড়া সড়কের গুজিখাঁ এলাকায় রিকশার গতিরোধ করে ভগ্নিপতি ও শ্যালিকাকে উঠিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বুধবার বিকালে ভগ্নিপতি তার শ্যালিকাকে নিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ঐ এলাকায় আসলে কয়েকজন যুবক রিকশার গতিরোধ করে ভগ্নিপতি ও শ্যালিকাকে অপহরণ করে পশ্চিম দাপুনিয়ার জুয়েল মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে দুলাভাইয়ের সামনে শালিকাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শ্যালিকাকে বাঁচাতে গেলে দুলাভাইকে মারধর ও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এলাকাবাসীর খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার ও ঐ এলাকার আব্দুল গণির ছেলে মো. জুয়েল মিয়াকে গ্রেফতার করে।
নরসিংদী : নরসিংদীতে কিশোরী গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের চৌয়ালা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চৌয়ালা এলাকার ওয়ারিশ আলীর ছেলে মো. মনির (৩০) এবং একই এলাকার মতি মিয়ার ছেলে হাসান (২১)। জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌয়ালা বালুর মাঠে গণধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ঐ কিশোরী।
কুড়িগ্রাম :সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে রাজু মিয়া (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু মিয়াকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। নির্যাতিত শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
তারাগঞ্জ (রংপুর) :তারাগঞ্জ উপজেলায় মোবাইল ফোন ও ফেসবুকে এক যুবতীকে উক্ত্যক্ত করার অভিযোগে নবাব সিরাজউদৌলা ওরফে বাবু (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ওই যুবতীর বাবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। বাবু উপজেলার অনন্তপুর গ্রামের ওমর আলীর পুত্র।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) :গোমস্তাপুরে পল্লী চিকিত্সকের প্রতারণার শিকার হয়ে এক গৃহবধূ আদালতে মামলা করেছেন। গত ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের সহায়তায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে তিনি মামলা করেন। জানা গেছে, উপজেলার মালপুর গ্রামের ওই গৃহবধূকে ব্ল্যাকমেইলিং করে শারীরিক সর্ম্পক স্থাপনের মাধ্যমে বিয়ের মিথ্যা আশ্বাসে অর্থ সম্পদসহ সর্বস্ব লুটে নেন একই ইউনিয়নের কাশরইল গ্রামের হুমায়ন রেজার ছেলে পল্লী চিকিত্সক মিজানুর রহমান রাজু (৪০)। চাকরি সূত্রে ঢাকায় অবস্থানরত স্বামীর অবর্তমানে রাজু ওই গৃহবধূর বাসায় চিকিত্সা করতে গিয়ে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং এর ভিডিও চিত্র ধারণ করেন। পরে ওই ভিডিও চিত্র তার স্বামী ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। একপর্যায়ে গৃহবধূ তাকে বিয়ের জন্য চাপ দিলে রাজু মিথ্যা আশ্বাস দিয়ে প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র হাতিয়ে নেন।
রাজাপুর (ঝালকাঠী) : রাজাপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা এক অসহায় বিধবাকে মারপিট ও শ্লীলতাহানির চেস্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিধবা রেনু বেগম ওরফে হাওয়া বাদী হয়ে দুই সহোদর রুবেল ও রিয়াজুলকে আসামি করে থানায় মামলা করলে বৃহস্পতিবার রাতে প্রধান অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় গ্রামবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। বিধবা রেনু বেগমের অভিযোগ, মামলার পর থেকে প্রতিপক্ষ তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর আটক
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, প্রেমিকার ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর ইসতিয়াক আহম্মেদকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানার দেওভোগ নাগবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দেওভোগ পশ্চিম নাগবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে। বাদীর অভিযোগ, ইসতিয়াকের সঙ্গে তার চার বছরের প্রেম। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে ইসতিয়াক। একাধিকবার বিয়ের কথা বললেও নানা টালবাহানায় বিয়ে না করায় ধর্ষণের মামলা করেন বাদী।
গফরগাঁওয়ে বিধবা লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন
এদিকে গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে আদম ব্যবসায়ী সোহাগ ও তার পালিত সন্ত্রাসীদের হাতে এক বিধবা নারীর বাড়িতে হামলা, মারধর ও ওই বিধবা নারীকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার হাটপাড়া গ্রামে হাটপাড়া বাদল মার্কেটের সামনে গফরগাঁও-কান্দিপাড়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েকশ গ্রামবাসী অংশ নেয়। মানববন্ধন চলাকালে ঘটনায় জড়িত আদম ব্যবসায়ী সোহাগ ও রউফসহ সোহাগের পালিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন উস্থি ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুল ইসলাম মাসুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ফেরদৌস আলী মাস্টার, যুগ্ম আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সবুজ সরকার, ব্যবসায়ী শেখ আবদুল কাইয়ূম, নির্যাতিতা বিধবার শ্বশুর আয়েমা খাতুন প্রমুখ।
