জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বলেছেন, ধর্ষণ একটি পৈশাচিক অপরাধ। তবে এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। তিনি বিশ্বের সব সরকারকে এ ধরনের অপরাধ বন্ধে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, যৌন নিপীড়নের মতো অপরাধ বন্ধে এবং ভিকটিমদের ন্যায়বিচার প্রাপ্তি ও পুনর্বাসন নিশ্চিত করতে তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। এজন্য সরকারগুলোকে তাদের উদ্যোগ দ্বিগুণ করতে হবে। তিনি বলেন, আলজেরিয়া, বাংলাদেশ, ভারত, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান ও তিউনিশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের ভয়ংকর সব ঘটনার খবরে মানুষ যৌক্তিকভাবেই ক্ষোভে ফেটে পড়ছে, তারা বিচার চাইছে, যৌন নিপীড়ন বন্ধের জন্য আরো উদ্যোগ চাইছে।
যারা নিপীড়নের শিকার হয়েছেন এবং যারা বিচারের দাবি জানাচ্ছেন সবার প্রতি আমি সংহতি জানাই। কিন্তু অনেক জায়গায় যৌন অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি উঠেছে, কিছু দেশে সংশোধন করে এরই মধ্যে নির্মম ও অমানবিক ঐ শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে, সে কারণে আমি উদ্বিগ্ন। বাস্তবতা হলো, অন্য শাস্তির বদলে মৃত্যুদণ্ডের বিধান ধর্ষণ বন্ধে বেশি কার্যকর, এমন কোনো প্রমাণ কোথাও নেই। বরং শাস্তির মাত্রার বদলে শাস্তির নিশ্চয়তা যে অপরাধ কমিয়ে আনতে পারে, তার যথেষ্ট প্রমাণ আমরা দেখতে পাই।
