কালিহাতীতে যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০০:১৪

টাঙ্গাইলের কালিহাতীতে দুই নরনারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের পল্টনপাড়া থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন :ঘাটাইল উপজেলার মো. দানেশ মিয়ার স্ত্রী মোছা. আলেয়া খাতুন (৩৯) ও একই গ্রামের মরহুম বাছেদ মিয়ার ছেলে মো. শাজাহান মিয়া (৪২)।

স্থানীয়রা জানান, আলেয়া তার স্বামীর সঙ্গে একই গ্রামে বসবাস করতেন। আলেয়ার বাড়িতে শাজাহান প্রতিনিয়ত যাতায়াত করতেন। এক পর্যায়ে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় মাস আগে আলেয়া ও শাজাহান এলাকা থেকে উধাও হয়ে যান। হঠাত্ গত বুধবার তারা গ্রামে ফিরে আসেন। বৃহস্পতিবার এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সালিশ হওয়ার কথা ছিল। তবে রাতে ঐ গ্রামের কয়েক জন যুবক তাদের মারধর করে। পরদিন সকালে আলেয়ার স্বামীর গোয়ালঘর থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শাজাহানের এক ছেলে ও এক মেয়ে এবং আলেয়ার ১১ বছরের এক সন্তান রয়েছে।

আলেয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার মেয়ের আত্মহত্যা করার কথা নয়। আত্মহত্যা করলে আগেই করত। বাড়িতে এসে করত না। তদন্তসাপেক্ষে আমি সঠিক বিচার দাবি করছি।’ স্থানীয় ইউপি সদস্য হামিদ মিয়া বলেন, ‘এটা আত্মহত্যা নয়। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।’

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলী বলেন, ‘বিষয়টি রহস্যজনক। তাদের পা মাটিতে ঠেকানো ছিল। মাটিতে রক্তও পড়েছিল। এ ঘটনায় পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত দাবি করছি।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলেও তিনি জানান।