বাংলাদেশ পুলিশ এবার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। আজ শনিবার দেশ জুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা পুলিশের এ ভিন্নধর্মী উদ্যোগের বিষয়টি জানান।
তিনি জানান, শনিবার সকাল ১০টায় দেশের সব বিটে একযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। পুলিশ সদর দপ্তর জানায়, সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করাই এর মূল উদ্দেশ্য। প্রতিটি সমা?বেশ স্ব স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়।
