দেশের স্টার্টআপদের জন্য উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:২৬

এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে ‘হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস’ উদ্যোগ চালু করেছে মাইক্রোসফট ফর স্টার্টআপস। ভারতে এ উদ্যোগের সফলতার পরে বাংলাদেশে এ উদ্যোগ চালু করা হলো। ভারতে ছয়টি প্রদেশ থেকে মাত্র ৫৬টি স্টার্টআপ ইমার্জ এক্স কর্মসূচির জন্য নির্বাচিত হয়, যেখানে ১৫ হাজারের বেশি স্টার্টআপ রয়েছে। ইমার্জ এক্স বিজয়ীদের বৈশ্বিক বাজারে প্রবেশ সংক্রান্ত নানা সুবিধা দেয়া হয়; যার মধ্যে রয়েছে: বিশ্বের শীর্ষস্থানীয় মেন্টরদের নিয়ে ফাউন্ডার বুটক্যাম্প, বিনিয়োগ প্রাপ্তির সুযোগ, মেন্টরশিপ এবং আজুর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সহায়তা।  

উদ্ভাবনী উদ্যোগ উত্সাহিত করতে, ভবিষ্যতে সত্যিকার অর্থেই যেসব স্টার্টআপের বৈশ্বিক বিস্তৃতির সম্ভাবনা রয়েছে সে প্রযুক্তি বিষয়ক স্টার্টআপগুলো খুঁজে বের করতে এবং সহায়তায় মাইক্রোসফট সরকার ও খাতসংশ্লিষ্ট অংশীদারদের সাথে কাজ করবে। 

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী বলেন,‘বাংলাদেশে স্টার্টআপগুলোর জন্য সহায়তামূলক ইকোসিস্টেম তৈরিতে মাইক্রোসফটে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মতো উদীয়মান বাজার বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির মধ্যে অবস্থান করে নিবে, এক্ষেত্রে ইনোভেটর, ডিসরাপটর এবং ফার্স্ট-মুভার হিসেবে স্টার্টআপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ‘হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস’র মাধ্যমে এ অঞ্চলে স্টার্টআপগুলোর ডিজিটাল উদ্ভাবন ত্বরাণ্বিত করার সুযোগ করে দিবো।’

১৬টি দেশের (বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম) উদ্ভাবক ও উদ্যোক্তাদের হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস উদ্যোগের অংশ হতে আহ্বান জানানো হয়েছে।

গ্রোথএনাবলারে আবেদন জমা দিতে  হবে  https://aka.ms/highwaz ঠিকানায়, ৩১ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে।