নৌযানশ্রমিক ধর্মঘটের ডাক
বরিশাল অফিস
নৌপথে সন্ত্রাস বন্ধ এবং বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের নৌযান শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। আগামীকাল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে এই শ্রমিক ধর্মঘট। ধর্মঘট সফল করতে গতকাল শনিবার সকাল ১০টায় বরিশাল নদীবন্দরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে নৌযান শ্রমিকরা। নদীবন্দরের পন্টুন থেকে শুরু হওয়া নৌযান শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নদীবন্দরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখার সভাপতি শেখ আবুল হাশেম এবং যুগ্মসম্পাদক একিন আলী মাস্টার। বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছেন। সবশেষ গত মার্চ মাসে শ্রমিক ধর্মঘটের মুখে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ১৯ অক্টোবরের মধ্যে সরকার নৌযান শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়ন না করলে ঐদিন রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে সব ধরনের নৌযানে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের ধর্মঘট চলবে বলে ঘোষণা দেন তারা।
