সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বিদেশি ফল ড্রাগন চাষ করে স্বাবলম্বী হয়েছেন মো. রাশেদুজ্জামান মানিক। বাজারে ড্রাগন ফলের চাহিদা থাকায় তিনি বাগানটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। তার এই উদ্যোগে এলাকার আরো অনেকে এ ফল চাষে অনুপ্রাণিত হচ্ছেন। রাশেদুজ্জামান মানিক উপজেলার পাখাতিপাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা এবং রংপুরের বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের বছরব্যাপী ফল উত্পাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় স্বল্প পরিসরে ড্রাগন ফল বাগান করেন তিনি। ২০১৮ সালে বাগানে ফলন আসার পর থেকে চলতি ২০২০ সাল পর্যন্ত ৯ লক্ষাধিক টাকার ড্রাগন ফল বিক্রি করেছেন।
