স্টাফ রিপোর্টার, রাজশাহী
এক মাস আগে বাজারে আলু ২৫ থেকে ৩০ টাকায় পাওয়া যেত। কিন্তু মাস না ঘুরতেই আলুর দাম দ্বিগুণ বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তর আলুর সর্বোচ্চ খুচরা দাম ৩০ টাকা বেঁধে দিলেও বর্তমানে রাজশাহীর বাজারে প্রতি কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এদিকে খুচরার পাশাপাশি আলুর দাম বেড়েছে পাইকারি বাজারেও। রাজশাহীর সাহেব বাজারের কাঁচাবাজারের ব্যবসায়ী রিপন বলেন, আলুর দাম বেড়ে যাওয়ার কারণ মূলত করোনার সময়ে ত্রাণ বিতরণে ব্যাপক হারে আলুর ব্যবহার হয়েছে। এতে আড়তসহ স্থানীয় বাজারে আলুর সরবরাহ কমেছে।
