প্রধান লাইনে ত্রুটি
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির অধীনস্থ কমলগঞ্জ উপজেলার প্রধান বিদ্যুত্ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় শনিবার ছয় ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকে। ফলে কমলগঞ্জের অধিকাংশ বাগানের চা কারখানায় উত্পাদনে বিঘ্ন ঘটে। সমিল, রাইস মিলগুলোতে কাজকর্ম বন্ধ হয়ে যায়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েন গ্রাহকরা। সকাল পৌনে ১০টায় সমস্যা দেখা দিলে বিদ্যুত্ লাইনে কাজ শেষে বিকাল সোয়া ৪টায় ফের বিদ্যুত্ সরবরাহ করা হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী গণেশ চন্দ্র দাস বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল-কুলাউড়া প্রধান বিদ্যুত্ লাইনে ত্রুটি দেখা দিলে শ্রীমঙ্গল লাইন থেকে বিদ্যুত্ সরবরাহের চেষ্টা করা হয়। পরে আবারও সমস্যা হলে লাইনে কাজ করার পর বিদ্যুত্ সরবরাহ করা হয়। রাতে কুলাউড়া ও শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে বিদ্যুত্ সরবরাহ করা হয়।
