‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন
নোয়াখালী প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে বৃহত্তর নোয়াখালীতে তার সব কর্মকাণ্ড ও বিভিন্ন সফর নিয়ে জেলার গবেষক-ইতিহাসবিদ মো. ফখরুল ইসলাম রচিত এবং মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁঞার প্রকাশনায় ‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে শনিবার। জেলা প্রশাসকের সভাকক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী এমপি। মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর নোয়াখালীর বিএলএফ (মুজিব বাহিনী) প্রধান সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
গফরগাঁওয়ে পুরস্কার বিতরণ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা গফরগাঁওয়ে উম্মুক্ত বিষয়, বিষয়ভিত্তিক লেখা ও পাঠ প্রতিক্রিয়া লিখে পুরস্কার পেয়েছেন তিন শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাখচূঁড়া গ্রামে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারে আয়োজন করা হয় ‘এসো লিখি’ পুরস্কার প্রদান অনুষ্ঠান। শাখচূঁড়া গ্রামের মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে সেপ্টেম্বর মাসব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার শতাধিক তরুণ লেখক অংশ নেন। প্রতিযোগিতায় উম্মুক্ত বিষয়ে লেখায় ফাহাদ বিন, বিষয়ভিত্তিক লেখায় মোরসালিন আহমেদ খান প্রান্ত ও পাঠ প্রতিক্রিয়ায় মতিউর রহমান সুমন পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় বই ও প্রাইজবন্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কবি হাসানাত লোকমান।
কল্যাণ ট্রাস্টের অর্থের চেক বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে ফুলবাড়ীর ১৪টি পূজামণ্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় এ চেক বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জ্যেষ্ঠ সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল। ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
মুক্তিযুদ্ধের সংগঠক অজয় রায়ের স্মরণে সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন কটিয়াদীর বনগ্রাম-নন্দীপাড়া গ্রামে পৈতৃক বাড়িতে তার স্মৃতিসৌধে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার।
ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাটে জেলা পুলিশের উদ্যোগে শনিবার ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিট পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রিপন ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান নান্টু।
শায়েস্তাগঞ্জে ১৮ মণ্ডপে হবে দুর্গাপূজা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের জন্য শায়েস্তাগঞ্জে ১৮টি মণ্ডপ প্রস্তুত করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যদিয়ে সব মণ্ডপে পাঁচ দিনব্যাপী পূজা শুরু হবে। ২৬ অক্টোবর দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোত্সব।
বাউলশিল্পীর চিকিত্সার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় দীর্ঘদিন ধরে অসুস্থ হতদরিদ্র বাউল শিল্পী ইসলাম উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান শনিবার এই অসুস্থ বাউল শিল্পীকে কেন্দুয়া উপজেলার খিদিরপুর গ্রাম থেকে এনে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বাউলের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিত্সার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।
পাঁচ দফা দাবিতে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি জামালপুরে সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীরা পাঁচ দফা দাবিতে শনিবার মানববন্ধন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটে এ মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া প্রমুখ।
