স্পোর্টস রিপোর্টার
আগের ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি মুশফিকুর রহিম। গতকাল তার ভুলেই রানআউট হয়ে ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তবে গতকাল ম্যাচ জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন মুশফিক। মিরপুর স্টেডিয়ামে মাহমুদউল্লাহ একাদশের বিরুদ্ধে ১৩১ রানের অনায়াস জয় তুলে নিয়েছে নাজমুল একাদশ।
টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় জয়। এই জয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনালের দৌড়ে এগিয়ে গেল নাজমুল একাদশ। গতকাল টসে হেরে ব্যাট করে ৮ উইকেটে ২৬৪ রান তুলেছিল নাজমুল একাদশ। জবাবে ৩২.১ ওভারে ১৩৩ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ একাদশ। আফিফ ম্যাচ সেরা হন।
রান তাড়ার মিশনে নেমে সুবিধা করতে পারেনি নিয়মিত বিরতিতে উইকেট হারানো মাহমুদউল্লাহ একাদশ। ভালো শুরু পেয়েছেন অনেকেই। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। লিটন দাস ২৭, মুমিনুল ১৩, মাহমুদুল হাসান ১৩, মিরাজ ১৬, মাহমুদউল্লাহ ১১, সাব্বির ১০ রান করেন। একপ্রান্ত আগলে থাকা নুরুল হাসান সোহান অপরাজিত ২৭ রান করেন। নাজমুল একাদশের পক্ষে নাসুম, রাহী ৩টি করে, রিশাদ ২টি করে উইকেট পান।
এর আগে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল নাজমুল একাদশ। সৌম্য (৮) ও নাজমুল শান্ত (৩) রুবেলের শিকার হন। পারভেজ হোসেন ইমনকে ফেরান সুমন খান। চতুর্থ উইকেটে ১৪৭ রানের জুটিতে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। শুরু থেকে আফিফ স্বাবলীল থাকলেও মুশফিক রানের খাতা খুলেছেন ১৬তম বলে। ৬৯ বলে হাফ সেঞ্চুরি, আফিফ ২ রানের জন্য আক্ষেপ নিয়ে ফিরেছেন। মুশফিকের কলে সাড়া দিয়ে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন তিনি। ১০৮ বলে ৯৮ রান (১২ চার, ১ ছয়) আফিফ। মুশফিক ৫২ রান করে ফিরেন। পরে ইরফান শুক্কুরের অপরাজিত ৪৮, তৌহিদ হূদয়ের ২৭ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দলটি। রুবেল ৩টি, এবাদত ২টি, সুমন খান ১টি উইকেট পান।
