স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের ৯ ক্রিকেটার ও তিন কর্মকর্তা জৈব সুরক্ষা বলয় ভেঙে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের এবারের মতো সতর্ক করে দিলেও, ভবিষ্যতে এমন আচরণ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ হাফিজ, ইয়াসির শাহ, ফখর জামান, ইমাম-উল-হক, খুররম মঞ্জুর, কামরান আকমল, সোহেল খান, আনোয়ার আলি ও উসমান খান শিনওয়ারি। তিন কর্মকর্তা সাবেক ক্রিকেটার বাসিত আলি, আব্দুল রাজ্জাক ও রশিদ খান। ঘটনার পর ১২ জনেরই কোভিড পরীক্ষা করানো হয়েছে এবং সেটির খরচ বহন করতে হয়েছে তাদেরকেই। সবার ফল নেগেটিভ এসেছে। পাকিস্তানে চলমান ন্যাশনাল কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাঝপথে এই ঘটনা ঘটে। পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক নাদিম খান বলেন, ‘কয়েক জন সিনিয়র ক্রিকেটার ও কর্মকর্তা ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে জৈব-সুরক্ষা বলয় ভেঙেছেন। এটা করে তারা টুর্নামেন্টের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের সতীর্থদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে। ঘটনায় পিসিবি হতাশ ও উদ্বিগ্ন। এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সামনে সুরক্ষা বলয় ভাঙার ক্ষেত্রে সামান্যতম ছাড় দেওয়া হবে না এবং কেউ ভাঙলে তাকে চলতি আসর থেকে ও ভবিষ্যতেও টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে দেওয়া হবে।’
